সাতক্ষীরায় মোবাইল চার্জ ৩০ টাকা!

৩০ মে, ২০২০ ২০:০১  
সাইক্লোন আম্পানের তাণ্ডবে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার অধিকাংশ ইউনিয়নে মোবাইলসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস চার্জ দিতে ব্যবহৃত হচ্ছে জেনারেটর।  এক্ষেত্রে জেনারেটর থেকে চার্জ দিতে প্রতিটি বাটন মোবাইল ফোন ১৫ টাকা, স্মার্টফোন ২৫ থেকে ৩০ টাকা, টর্চলাইট ২০ টাকা ও ল্যাপটপ চার্জ দিতে ৪৫ টাকা দিতে হচ্ছে এসব জেনারেটর ব্যবসায়ীদের। অনেকে ইঞ্জিনভ্যানযোগে জেনারেটর এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে গিয়ে ভ্রাম্যমাণ পদ্ধতিতে, আবার কেউ কেউ নিজ উদ্যোগে জেনারেটর ভাড়া নিয়ে মোবাইল ফোনসহ ইলেকট্রিক যন্ত্র চার্জ দিয়ে রমরমা ব্যবসা করছেন। জানা গেছে, উপজেলার পৌরসভাসহ ১২টি ইউনিয়নের বিভিন্ন স্থানে পল্লী-বিদ্যুতের সংযোগ বিছিন্ন হয়ে পড়ে। আম্পানের একদিন পর পৌরসদরের সরকারি দপ্তর ও আবাসিক এলাকায় সীমিত আকারে বিদ্যুৎ সরবরাহ করা হলেও ইউনিয়ন পর্যায়ে অধিকাংশ বাড়িঘর ও বেসরকারি প্রতিষ্ঠান গত ১১ দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে ডিজেলচালিত জেনারেটর দিয়ে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রের ব্যাটারি চার্জ দিতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।